তরুণসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু। বান্দরবানের থানচি উপজেলার ক্ষুদ্র ক্রীড়াঙ্গনে বলিপাড়া বিজিবি ৩৮ ব্যাটালিয়ন আয়োজিত ‘থানচি মহিলা ফুটবল দলের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনে তরুণদের পাশাপাশি নারী খেলোয়াড়েরাও সুনাম অর্জন করছেন। পার্বত্য চট্টগ্রামের নারী ফুটবলাররা দেশের সীমানা পেরিয়ে বিদেশেও নিজেদের দক্ষতার পরিচয় দিচ্ছেন।
তিনি বলেন, বিদ্যালয় পর্যায় থেকে নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। এতে নারী খেলোয়াড়দের মধ্যে নেতৃত্বের গুণ, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতির মনোভাব গড়ে উঠবে।
সাচিং প্রু আরও বলেন, দেশের নারী ক্রীড়াবিদদের দক্ষতা বাড়াতে নিয়মিত অনুশীলন ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য অর্জনের পথ আরও সুগম হবে।
অনুষ্ঠানের শুরুতে থানচি মহিলা ফুটবল দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় মন্ত্রী বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
সংবর্ধনা ও পুরস্কার বিতরণ শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় পর্যায়ে নারী ফুটবলারদের সাফল্য উদ্যাপনের পাশাপাশি খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়ানোর বার্তা দেওয়া হয়।
আরো পড়ুন : বান্দরবানে এক বছরের মধ্যে সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের ঘোষণা