ঢাকার দৃকপাঠ ভবনে শুরু হয়েছে ‘নো ভাইরাল, নো স্পিড: শিক্ষার্থীদের ধীর সাংবাদিকতার উৎসব’ শীর্ষক প্রদর্শনী। সাংবাদিকতায় গভীর অনুসন্ধান, তথ্য যাচাই ও দায়িত্বশীল সংবাদচর্চার গুরুত্ব তুলে ধরতে এ আয়োজন করেছে দৃক। এতে খুলনা বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সাংবাদিকতা বিভাগের ৩০ জন শিক্ষার্থীর কাজ স্থান পেয়েছে।
মঙ্গলবার (২৭শে অক্টোবর) সন্ধ্যা ৬টায় প্রদর্শনীটির উদ্বোধন করা হয়। ভবনটির দ্বিতীয় ও অষ্টম তলায় এ আয়োজন চলছে। প্রদর্শনীটির কিউরেটর এএসএম রেজাউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী ড. শহিদুল আলম, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভীন হাসান এবং বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক কাজী নাফিয়া রহমান। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের গণমাধ্যম অধ্যয়ন ও সাংবাদিকতা বিভাগের প্রধান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দীন এম. সুমন রহমান। বিশ্ববিদ্যালয়টির সহযোগী অধ্যাপক ও স্নাতকোত্তর কর্মসূচির সমন্বয়ক ড. সরকার বারবাক কারমাল।
খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রধান সারা মোনামী হোসেন এবং সহকারী অধ্যাপক মো. শামীম হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৃকের গবেষক সামিয়া রহমান প্রিমা।
স্বাগত বক্তব্যে ড. শহিদুল আলম শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন। তিনি বলেন, তাঁদের কাজ দেখে তিনি গর্বিত। ভবিষ্যতে শিক্ষার্থীরা গণমাধ্যমে যুক্ত হলে তাঁদের কাজেও ধীর সাংবাদিকতার দর্শন প্রতিফলিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও সাংবাদিকতা শিক্ষার মানোন্নয়নে দৃকের সঙ্গে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানান।
ধীর সাংবাদিকতা বলতে দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতার পরিবর্তে অনুসন্ধান, তথ্য যাচাই, প্রেক্ষাপট বিশ্লেষণ ও নির্ভুলতাকে গুরুত্ব দেওয়ার চর্চাকে বোঝায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সংবাদ ছড়িয়ে পড়ার প্রবণতার মধ্যে এ ধরনের সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরাই প্রদর্শনীটির মূল লক্ষ্য।
১২ দিনব্যাপী প্রদর্শনীটি চলবে আগামী ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে।