হাত ধোয়ার অভ্যাস গড়তে প্রতিমন্ত্রীর আহ্বান

বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা।

ডায়রিয়া ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধে খাবার আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, নিয়মিত হাত পরিষ্কার রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বাইরে খাবার খাওয়ার সময় সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার সুযোগ না থাকলে জীবাণুনাশক হাত পরিষ্কারক ব্যবহার করা যেতে পারে।

ঢাকার পানি সরবরাহ পরিস্থিতি তুলে ধরে মীর শাহে আলম বলেন, ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ প্রতিদিন প্রায় ৩১৪ কোটি লিটার পানি সরবরাহ করে। এর মধ্যে ৭৪ শতাংশ ভূগর্ভস্থ উৎস থেকে এবং বাকি ২৬ শতাংশ নদীর পানি শোধনের মাধ্যমে সংগ্রহ করা হয়।

ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে সরকার পদ্মা নদী থেকে ঢাকায় অতিরিক্ত ১০০ কোটি লিটার পানি সরবরাহের একটি প্রকল্প হাতে নিয়েছে বলে জানান তিনি। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য রয়েছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, পানির অপচয় রোধে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি শরীরের যত্ন নেওয়াও জরুরি। বর্তমান প্রজন্মের অনেকের মধ্যে রোদে কম থাকার কারণে ভিটামিন ডির ঘাটতি ও ক্লান্তির মতো সমস্যা দেখা দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন গ্রহণের পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ার প্রতিও গুরুত্ব দিতে হবে।

স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ শিশু তহবিলের উপপ্রতিনিধি মালালাই আহমাদজাই। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রতিনিধি রাজেশ নারওয়াল এবং জাতিসংঘ শিশু তহবিলের পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিভাগের প্রধান পিটার মায়েস।

অনুষ্ঠানে অতিথিরা বিশ্ব হাত ধোয়া দিবসের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা রোগ প্রতিরোধে নিয়মিত হাত ধোয়া এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের হাত ধোয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার শপথবাক্য পাঠ করানো হয়। সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার প্রত্যয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।

 

 

আরো পড়ুন : শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *