তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করবে সরকার। এসব স্টেডিয়াম নির্মিত হলে স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা বাড়বে। একই সঙ্গে জাতীয় পর্যায়ের জন্য দক্ষ খেলোয়াড় তৈরির সুযোগও সম্প্রসারিত হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক মঙ্গলবার (২৭শে অক্টোবর) বরিশাল কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে ‘বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়। তরুণ প্রজন্মকে সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত রাখতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
তিনি বলেন, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। এ লক্ষ্য সামনে রেখে সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, আধুনিক ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে কাজ করছে।
আমিনুল হক আরও বলেন, সারা দেশে খেলাধুলাকে গুরুত্ব দিয়ে প্রতিটি পাড়া-মহল্লায় ক্রীড়া কার্যক্রম শুরু হয়েছে। প্রতিযোগিতামূলক খেলাধুলা খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের এই আয়োজন সেই উদ্যোগের বাস্তব প্রতিফলন।
প্রতিমন্ত্রী জানান, খেলোয়াড়দের উৎসাহিত করতে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁদের মধ্য থেকে আগামী দিনের জাতীয় পর্যায়ের খেলোয়াড় গড়ে তোলার উদ্যোগও রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, অ্যাডভোকেট আবুল কালাম শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন : ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসরে ১৪ লাখ ক্রীড়াবিদ, উদ্বোধন ৫ নভেম্বর