উশুর মঞ্চে বাংলাদেশ সেনাবাহিনীর দাপট

৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড়দের সাফল্য উদযাপন

রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ–২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিযোগিতায় নির্ধারিত তিনটি চ্যাম্পিয়ন ট্রফির সবকটিই জিতেছে সেনাবাহিনীর খেলোয়াড়রা।

বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় ৪ থেকে ৬ সেপ্টেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ মোট ১৯টি সংস্থার হয়ে ২৩৯ জন খেলোয়াড় প্রতিযোগিতায়  অংশ নেয়।

প্রতিযোগিতার তিনটি প্রধান চ্যাম্পিয়ন ট্রফিই নিজেদের করে নেয় বাংলাদেশ সেনাবাহিনী। জিতি ইভেন্ট, ডেমোনস্ট্রেশন ইভেন্ট এবং ডুলিয়ান ইভেন্ট—তিন বিভাগেই চ্যাম্পিয়ন হয় সেনাবাহিনীর প্রতিনিধিরা।

এ সাফল্যের মধ্য দিয়ে উশুতে বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড়দের দক্ষতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতার প্রমাণ মিলেছে। একই সঙ্গে এটি দেশের ক্রীড়াঙ্গনে সেনাবাহিনীর ধারাবাহিক সাফল্যের আরেকটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, কঠোর অনুশীলন, শৃঙ্খলা ও নিয়মিত প্রস্তুতি এ সাফল্যের অন্যতম ভিত্তি। আন্তর্জাতিক মানের উশুতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৬ই  সেপ্টেম্বর শেষ হওয়া এই আসরে তিনটি চ্যাম্পিয়ন ট্রফি জয়ের মাধ্যমে উশু অঙ্গনে নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিল বাংলাদেশ সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *