প্রখ্যাত স্থপতি মাযহারুল ইসলাম-এর কাজ নিয়ে প্রকাশিত বই “স্পেসেস অফ বিলংগিং – দ্য আর্কিটেকচার অফ মাযহারুল ইসলাম ”-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন ঢাকায় অনুষ্ঠিত হলো । বইটি প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত সুইস দূতাবাস।
এর আগে বইটির প্রথম প্রকাশনা অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ড-এ। সেখানে ইতিবাচক সাড়া পাওয়ার পর ঢাকায় আয়োজন করা হয় এই অনুষ্ঠান।
বইটি মূলত মাযহারুল ইসলামের স্থাপত্যচিন্তা, কাজ এবং উত্তরাধিকার নিয়ে। বাংলাদেশের আধুনিক স্থাপত্যের ভিত্তি গড়ে তুলতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। তার নকশায় কেবল ভবন নয়, মানুষের জীবনধারা, সংস্কৃতি এবং জায়গার অনুভব প্রতিফলিত হয়েছে।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, মাযহারুল ইসলামের কাজ এখনো নতুন প্রজন্মের স্থপতিদের অনুপ্রাণিত করে। তার স্থাপত্যচিন্তা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরেও গুরুত্ব পেয়েছে।
এই প্রকাশনায় সহযোগিতা করেছে ইন্সটিটিউট অব আর্কিটেকচার বাংলাদেশ এবং ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক-এর মাযহারুল ইসলাম আর্কাইভ। বইটির সম্পাদক হিসেবে কাজ করেছেন সুইস স্থপতি নিক্লাউস গ্র্যাবার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে স্থাপত্য, প্রকাশনা এবং সাংস্কৃতিক বিনিময়ে। এই বই সেই সম্পর্ককে আরও দৃঢ় করবে।
আয়োজকরা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং দুই দেশের সম্পর্ক জোরদার করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।