বাংলাদেশ ও নেপালের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে নেপাল।
বৃহস্পতিবার (১০ই সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সাম্প্রতিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে নেপালের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত ভান্ডারি। তিনি বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত ভালো। তবে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার সুযোগ রয়েছে।
নেপালের রাষ্ট্রদূত বিশেষভাবে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ আয়োজনের প্রস্তাব দেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও নেপালের মধ্যে কোনো দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ হয়নি।
ভান্ডারি বলেন, সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের জন্য অনুপ্রেরণার প্রয়োজন। এ পরিস্থিতিতে বাংলাদেশে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের উদ্যোগ নেওয়া যেতে পারে। নেপালের জাতীয় দল বাংলাদেশ সফরের জন্য প্রস্তুত রয়েছে। প্রয়োজনে বাংলাদেশ দলকেও নেপালে আমন্ত্রণ জানানো হবে বলে জানান তিনি।
নেপালের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন আমিনুল হক। তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ক্রীড়া কূটনীতিকে গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন খেলায় সহযোগিতা সম্প্রসারণেও কাজ চলছে।
টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের বিষয়ে আলোচনা এগিয়ে নিতে নেপালের রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি দেওয়ার অনুরোধ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ওই চিঠির ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা শুরু করা হবে বলে জানান তিনি।
বৈঠকে বাংলাদেশের ক্রীড়াবিদদের জন্য নেপালের ভৌগোলিক সুবিধা কাজে লাগানোর প্রস্তাবও দেন আমিনুল হক। বিশেষ করে মাউন্টেনিয়ারিং বা পর্বতারোহণে বাংলাদেশি ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও সুযোগ তৈরিতে নেপালের সহযোগিতা চান তিনি।
দুই দেশের মধ্যে ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলাধুলা এবং সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। এর মাধ্যমে জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ-নেপাল সম্পর্ককে আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন উভয় পক্ষ।