আদালতে হয়রানি বন্ধে সতর্ক করলেন কুমিল্লার সিনিয়র জজ

কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির বার্ষিক সাধারণ সভায় অতিথি ও নেতৃবৃন্দের উপস্থিতি

কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।

সোমবার (৭ই সেপ্টেম্বর) বিকেল ৩টায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলার ৭ নম্বর হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সভাপতি আব্দুল বারী সরদার বারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, জেলা পিপি এডভোকেট মোঃ কাইমুল হক রিংকু, জেলা জিপি এডভোকেট মোঃ তারেক আব্দুল্লাহ, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মাহাবুবুল হক খন্দকার এবং এনরোলমেন্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে প্রয়াত আইনজীবী সহকারীদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন বলেন, বিচারপ্রার্থী মানুষ যেন আইনজীবী ও আইনজীবী সহকারীদের নাম ব্যবহার করে কোনো ধরনের হয়রানির শিকার না হন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, বিচারপ্রক্রিয়ায় আইনজীবী সহকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আদালত অঙ্গনে শৃঙ্খলা ও পেশাগত মর্যাদা বজায় রেখে তাদের দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে নির্ধারিত পোশাক পরিধান করে বিচারিক কাজে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

মোঃ হেমায়েত উদ্দিন আরও বলেন, মানুষের সবচেয়ে বেশি যাতায়াত হয় হাসপাতাল ও আদালতে। এ দুটি স্থানে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্টরা দায় এড়াতে পারেন না। বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারক, আইনজীবী ও আইনজীবী সহকারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলে বিচারপ্রক্রিয়া আরও গতিশীল হবে। কুমিল্লার সুনাম ধরে রাখতে আইনজীবী সহকারীদের সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বলেন, আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় আইনজীবী সহকারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আদালতের নিয়ম-কানুন মেনে দায়িত্ব পালন করতে হবে। বিচারপ্রার্থীদের যথাযথ সহযোগিতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমেও তারা বিচারপ্রক্রিয়ায় অবদান রাখতে পারেন।

জেলা পিপি এডভোকেট মোঃ কাইমুল হক রিংকু বলেন, আইন অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত সবার মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকা প্রয়োজন। আইনজীবী সহকারীরা আইনজীবীদের পেশাগত কার্যক্রমের গুরুত্বপূর্ণ সহযোগী। তাই তাদের দায়িত্বশীলতা ও সততার সঙ্গে কাজ করতে হবে।

জেলা জিপি এডভোকেট মোঃ তারেক আব্দুল্লাহ বলেন, আদালত অঙ্গনে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সবাইকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। পারস্পরিক সম্মান ও সহযোগিতার মাধ্যমে বিচারপ্রক্রিয়াকে আরও কার্যকর করা সম্ভব।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সহিদ উল্লাহ নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি আইনজীবী সমাজের স্বার্থ রক্ষা ও পেশাগত পরিবেশ উন্নয়নে নবনির্বাচিত কমিটি কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি আইনজীবী ও আইনজীবী সহকারী সমিতির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মাহাবুবুল হক খন্দকার বলেন, আইনজীবী ও আইনজীবী সহকারীদের মধ্যে দীর্ঘদিনের পেশাগত সম্পর্ক রয়েছে। আদালত অঙ্গনে সুন্দর পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন।

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও উচ্চ পরিষদের সদস্য মোঃ এমদাদ হোসেন বলেন, আইনজীবী সহকারীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। সদস্যদের কল্যাণ ও পেশাগত উন্নয়নে সাংগঠনিক কার্যক্রম জোরদারের প্রয়োজন রয়েছে।

কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও উচ্চ পরিষদের সদস্য মোঃ আবুল খায়ের খোকন সদস্যদের ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান। তিনি আইনজীবী সহকারীদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।

কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উচ্চ পরিষদের সদস্য মোঃ আবু তাহের কালন বলেন, সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে আদালত অঙ্গনের শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি মোঃ আক্তার হোসেন বলেন, আইনজীবী সহকারীদের ঐক্য ও পেশাগত দক্ষতা বাড়াতে পারলে সংগঠন আরও শক্তিশালী হবে। তিনি নতুন প্রজন্মের সদস্যদের অভিজ্ঞতা অর্জন ও পেশাগত শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আব্দুল বারী সরদার বারেক বলেন, সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণের পাশাপাশি আদালত অঙ্গনে সহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরিতে আইনজীবী সহকারী সমিতি কাজ করছে। বিচারক, আইনজীবী ও আইনজীবী সহকারীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা বাড়লে বিচারপ্রার্থীরা উপকৃত হবেন।

তিনি সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে নবনির্বাচিত কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সাংগঠনিক বিষয়, সদস্যদের পেশাগত সুযোগ-সুবিধা, কার্যক্রম গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে কুমিল্লা আদালত অঙ্গনে কর্মরত বিচারক, আইনজীবী, আইনজীবী সহকারী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মজিবুল আলম উজ্জ্বল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *