শিক্ষার মানোন্নয়নে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

অভিভাবক সমাবেশে বক্তব্য দিচ্ছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর

শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করতে কুমিল্লার বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শিক্ষার পরিবেশ ও ফলাফল উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু মুছা ভূঞা।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষার্থী এবং মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথি ও কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, পরীক্ষার প্রস্তুতি, পড়াশোনায় মনোযোগ এবং অভিভাবকদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা হয়। প্রধান অতিথি দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শুধু শিক্ষকদের প্রচেষ্টা যথেষ্ট নয়; অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনার বিষয়ে নিয়মিত খোঁজ রাখতে হবে। শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আবু মুছা ভূঞা আগামী দাখিল পরীক্ষার্থী এবং অষ্টম ও পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, এসব পুরস্কার তাঁর নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে।

তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য সর্বাত্মক চেষ্টা করার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে।

সমাবেশের একপর্যায়ে অভিভাবকদের বক্তব্য ও মতামত নেওয়া হয়। তারা মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানের শেষে মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা রমিজ উদ্দিন সরকার মোনাজাত পরিচালনা করেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি হয়।

আয়োজকদের মতে, নিয়মিত এ ধরনের অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ বাড়বে। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা এবং মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে এসব উদ্যোগ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *