মুরাদনগরে পান্নারপুল-কৃষ্ণপুর সড়কের উন্নয়নকাজ শুরু, স্বস্তি স্থানীয়দের

কুমিল্লার মুরাদনগরে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে পান্নারপুল-কৃষ্ণপুর সড়কের উন্নয়ন ও সংস্কারকাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এ সড়কটি সংস্কারের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আশাবাদের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৫ই  জুলাই) দুপুরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সড়কের নির্মাণ ও সংস্কারকাজের উদ্বোধন করা হয়। এ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী থাকায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদাপানি ও ভাঙাচোরা অংশের কারণে যাতায়াত আরও কঠিন হয়ে পড়ত।

উদ্বোধনের পর নির্মাণকাজ পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ এবং উপ-সহকারী প্রকৌশলী রাসেল। তারা নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার আশ্বাস দেন।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দুলাল সরকার ও আবুল হাসান ছিটন, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন সেন্টু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন, যুবদলের সদস্য মাসুম মুন্সি, বিএনপি নেতা শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, উন্নয়নকাজ শেষ হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। কৃষিপণ্য পরিবহন সহজ হবে, ব্যবসা-বাণিজ্যে গতি আসবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সক্রিয় হবে।

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং মুরাদনগরের এই এলাকার সার্বিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *