ঢাকায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির আমন্ত্রণে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল বুধবার (১৫ই জুলাই) ইরান দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ করেছে। বৈঠকে বাংলাদেশ-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ইরানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী ও বহুমাত্রিক করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে। আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, সরাসরি বিমান যোগাযোগ চালু, ব্যবসা-বাণিজ্যে সহযোগিতা বৃদ্ধি এবং ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ বাড়ানোর বিষয় গুরুত্ব পায়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর পক্ষ থেকে সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানায়। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রতিনিধি দল মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান, যুদ্ধ বন্ধ, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং ইরানে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত আলহাজ গোলাম মসীহ। প্রতিনিধি দলে আরও ছিলেন ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইমতিয়াজ আহমেদ সজল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাজন সিকদার।
বৈঠকটি বাংলাদেশ ও ইরানের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং শিক্ষা, বাণিজ্য ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।