মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন এবং সীমান্ত ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় আইওএম জানিয়েছে, মানব পাচারকারী চক্র শনাক্তে বাংলাদেশকে সহযোগিতা করতে তারা প্রস্তুত। সংস্থাটির কাছে মানব পাচারের প্রবণতা-সংক্রান্ত তথ্য রয়েছে, যা ইন্টারপোলের তথ্যের সঙ্গে সমন্বয় করে শেয়ার করা হয়।
মঙ্গলবার (৪ঠা আগস্ট) রাতে রাজধানীর গুলশানে জাতিসংঘ হাউজে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আইওএম-এর উপমহাপরিচালক (ডিডিজি) উগোচি ড্যানিয়েলস সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় উঠে আসে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর দীর্ঘদিনের অংশীদারিত্ব পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অগ্রাধিকারভিত্তিক সহযোগিতার ক্ষেত্র নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ নিরাপদ, নিয়মতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। গত দুই দশক ধরে আইওএম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করে আসছে। আগামী দিনে এই সহযোগিতা আরও সুসংহত ও বিস্তৃত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি মানব পাচার প্রতিরোধ, অভিবাসন গভর্নেন্স, অভিবাসীদের সুরক্ষা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তার ভাষায়, মানব পাচার বিশ্বের অন্যতম জঘন্য অপরাধ। লোভ, অজ্ঞতা ও সচেতনতার অভাবে অনেক মানুষ এ অপরাধের শিকার হন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ করছে। এর মাধ্যমে মানব পাচার ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধের পাশাপাশি জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
আলোচনার এক পর্যায়ে মন্ত্রী জানতে চান, আইওএম-এর কাছে মানব পাচারকারী চক্রের কোনো তালিকা রয়েছে কি না। জবাবে উগোচি ড্যানিয়েলস বলেন, নির্দিষ্ট পাচারকারী নেটওয়ার্ক শনাক্ত করতে আইওএম বাংলাদেশকে সহায়তা করতে পারে। সংস্থাটির কাছে মানব পাচারের প্রবণতা-সংক্রান্ত তথ্য রয়েছে এবং ইন্টারপোলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান করা হয়।
আইওএম-এর উপমহাপরিচালক বাংলাদেশ সরকারের সঙ্গে সংস্থাটির দীর্ঘদিনের টেকসই অংশীদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে আইওএম প্রস্তুত। একই সঙ্গে মানব পাচার প্রতিরোধে সমন্বিত তথ্য ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ১ থেকে ৫ আগস্ট পর্যন্ত পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশে অবস্থান করছেন আইওএম-এর উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস। এই সফরের অংশ হিসেবেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে আইওএম-এর নবনিযুক্ত মিশন প্রধান ড. লরা টম বন্ডে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইওএম-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।