শুরু হলো ফিফা ফাউন্ডেশনের কমিউনিটি প্রোগ্রাম

ফুটবলকে শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে শিশু-কিশোরদের দক্ষতা, আত্মবিশ্বাস এবং সামাজিক উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে বাংলাদেশে শুরু হয়েছে ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রাম ২০২৫-২০২৬-এর নতুন কার্যক্রম। “প্লেইং ফর পীস: এমপাওয়ারিং ড্রিমস থ্রু সকার” শিরোনামের এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বুধবার (৫ই আগস্ট) ঢাকার গুলশান ইয়ুথ ক্লাব ফুটবল টার্ফে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর এপিএস-২ ও ঢাকা-১৭ আসনের প্রধানমন্ত্রীর সরকারি প্রতিনিধি আবদুর রহমান সানি। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম, গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান (তমাল), অভিযাত্রিক ফাউন্ডেশনের সভাপতি আহমেদ ইমতিয়াজ জামিসহ বিভিন্ন অঙ্গনের অতিথিরা।

এ কর্মসূচি বাস্তবায়ন করছে অভিযাত্রিক ফাউন্ডেশন, যা বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রাম -এর আনুষ্ঠানিক অংশীদার হওয়ার স্বীকৃতি পেয়েছে। বিশ্বের ১৩৯টি দেশে পরিচালিত এই বৈশ্বিক উদ্যোগের লক্ষ্য ফুটবলের মাধ্যমে শিশু ও তরুণদের ব্যক্তিগত বিকাশ, সামাজিক অন্তর্ভুক্তি, জীবনদক্ষতা অর্জন এবং ইতিবাচক সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত করা।

বাংলাদেশে কর্মসূচিটির দ্বিতীয় বছরে দেশের ১ হাজার ১০০ শিশুকে বছরজুড়ে ফুটবল প্রশিক্ষণ, নিয়মিত প্রতিযোগিতা, জীবনদক্ষতা শিক্ষা এবং মেন্টরশিপের আওতায় আনা হবে। আয়োজকদের মতে, ফুটবলকে কেন্দ্র করে শিশুদের নেতৃত্বের গুণাবলি, দলগত কাজের মানসিকতা এবং আত্মবিশ্বাস গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বার্তায় অভিযাত্রিক ফাউন্ডেশনকে এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও ফুটবলের শক্তিকে কাজে লাগিয়ে দেশের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত ও ক্ষমতায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *