যক্ষ্মা প্রতিরোধে সহযোগিতা বাড়াতে আইসিডিডিআর’বি  পরিদর্শনে জাপানি প্রতিনিধিদল

বাংলাদেশে যক্ষ্মা (টিবি) প্রতিরোধ, গবেষণা এবং জনস্বাস্থ্য খাতে সম্ভাব্য সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি) পরিদর্শন করেছে জাপানের একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে জাপান দূতাবাসের অর্থনৈতিক বিষয়ক ও উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রথম সচিব তোরিনারি তাকেহিরো। তাঁর সঙ্গে ছিলেন জাপান দূতাবাসের গ্র্যান্ট অ্যাসিস্ট্যান্স ফর গ্রাসরুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টের পরামর্শক খান নানামি, টয়োটা সুশো করপোরেশনের প্রধান প্রতিনিধি ইউজি ওয়াগাতা এবং প্রতিষ্ঠানটির সার্কুলার ইকোনমি ও গ্রিন ইনফ্রাস্ট্রাকচার বিভাগের ইনচার্জ রাইহান শফি।

আইসিডিডিআর’বি-এর পক্ষ থেকে প্রতিনিধিদলকে স্বাগত জানান সংক্রামক রোগ বিভাগের জ্যেষ্ঠ বিজ্ঞানী ডা. সায়েরা বানু। তিনি বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে আইসিডিডিআর’বি-এর দীর্ঘদিনের কাজ এবং বিশেষ করে যক্ষ্মা মোকাবিলায় প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

এ সময় সহকারী বিজ্ঞানী ডা. শাহরিয়ার আহমেদ বাংলাদেশে যক্ষ্মার বর্তমান পরিস্থিতি, রোগ নিয়ন্ত্রণে আইসিডিডিআর’বি-এর চলমান কার্যক্রম এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে বিদ্যমান সহযোগিতার বিষয় তুলে ধরেন।

বৈঠকে যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, গবেষণা ও উদ্ভাবন এবং এ খাতে সম্পদ সংগ্রহ ও বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে এ খাতে যৌথভাবে কাজ করার সুযোগ নিয়েও মতবিনিময় করে।

সফরের অংশ হিসেবে জাপানি প্রতিনিধিদল আইসিডিডিআর’বি-এর ঢাকা হাসপাতাল, গবেষণাগার এবং মিরপুরে পরিচালিত একটি বহনযোগ্য এক্স-রে ক্যাম্প পরিদর্শন করে। সেখানে তারা যক্ষ্মা শনাক্তকরণ ও স্ক্রিনিং কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

আইসিডিডিআর’বি জানায়, জাপানের সঙ্গে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। জাপানের বিভিন্ন বোর্ড সদস্য, বিজ্ঞানী, গবেষক এবং সহযোগীদের অবদানে এ অংশীদারিত্ব সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়েছে।

প্রতিষ্ঠানটির মতে, এই সফর বাংলাদেশে জনস্বাস্থ্য উন্নয়ন, যক্ষ্মা নিয়ন্ত্রণ এবং গবেষণাভিত্তিক উদ্ভাবনে জাপানের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *