দেশে মহাকাশ প্রযুক্তি, গ্রহবিজ্ঞান এবং ভূ-অবস্থানভিত্তিক তথ্য বিশ্লেষণ বিষয়ে গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করেছে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে “এডাস্ট সেন্টার ফর জিওস্পেশাল ইন্টেলিজেন্স, প্ল্যানেটারি সায়েন্স অ্যান্ড স্পেস সিস্টেমস” নামে একটি আধুনিক গবেষণা কেন্দ্র।
নতুন এই কেন্দ্রের মাধ্যমে জিওস্পেশাল ইন্টেলিজেন্স, প্ল্যানেটারি সায়েন্স এবং স্পেস সিস্টেমস বিষয়ক গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।
গবেষণা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেসের পরিচালক মার্টিন ভ্যান ক্রানেনডঙ্ক, উপ-পরিচালক ক্যাটেরিনা মিলজকোভিচ এবং গবেষণা পরিচালক আশরাফ দেওয়ান। তারা আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং উচ্চশিক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, কার্টিন বিশ্ববিদ্যালয় ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের মধ্যকার সহযোগিতা দুই প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার নতুন সুযোগ তৈরি করবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নবনির্মিত গবেষণা কেন্দ্রটি স্যাটেলাইট ডেটা ও ভৌগোলিক মানচিত্র বিশ্লেষণের মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কাজ করবে। বিশেষ করে দুর্যোগ পূর্বাভাস, স্মার্ট নগর পরিকল্পনা, আধুনিক কৃষি উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করা হবে।
এ ছাড়া কেন্দ্রটি আন্তর্জাতিক মানের গবেষণা, নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।