হংকংয়ে বাংলাদেশি তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কনস্যুলেটের সঙ্গে প্রবাসী পেশাজীবীদের বৈঠক

হংকংয়ে বাংলাদেশি তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ প্রফেশনালস প্ল্যাটফর্ম, হংকং।

সম্প্রতি সংগঠনটির একটি প্রতিনিধিদল বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মোস্তফা মনিরা ফিরদৌস এবং সাধারণ সম্পাদক আইরিন সুলতানা।

বৈঠকে কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর, তার সহধর্মিণী এবং কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় হংকংয়ে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় উঠে আসে। বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশের তরুণ পেশাজীবী ও দক্ষ জনশক্তির জন্য হংকংয়ে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি। প্রতিনিধিদল জানায়, তথ্যপ্রযুক্তি, অর্থনীতি, প্রকৌশল, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য পেশাগত খাতে বাংলাদেশি তরুণদের দক্ষতা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত। সঠিক উদ্যোগ নেওয়া হলে হংকংয়ের শ্রমবাজারে তাদের অংশগ্রহণ আরও বাড়তে পারে।

বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের পেশাগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থানমুখী কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়। এছাড়া হংকংয়ে বাংলাদেশি পেশাজীবীদের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।

কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর বাংলাদেশ প্রফেশনালস প্ল্যাটফর্মের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও দেশের ভাবমূর্তি উন্নয়নে কনস্যুলেটের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

বাংলাদেশ প্রফেশনালস প্ল্যাটফর্ম, হংকং দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং তরুণদের পেশাগত বিকাশে কাজ করে আসছে। সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেন, কনস্যুলেট ও কমিউনিটির সমন্বিত প্রচেষ্টায় হংকংয়ে বাংলাদেশি দক্ষ জনশক্তির জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে এবং দুই অঞ্চলের মধ্যে পেশাগত সহযোগিতা আরও জোরদার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *