বাফার ৭২ বছর পূর্তি উদযাপন

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা) প্রতিষ্ঠার ৭২ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৩রা জুলাই ) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিশেষ আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। তিনি বলেন, ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত বাফা দীর্ঘ সাত দশকের বেশি সময় ধরে নানা প্রতিকূলতা অতিক্রম করে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

মন্ত্রী তাঁর বক্তব্যে সুস্থ ধারার সংস্কৃতিচর্চায় বাফার অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে নজরুল-চেতনা ও শুদ্ধ দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাফার মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে।

বাফার সভাপতি অ্যাডভোকেট মো. ছাদুলাহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দীন আহমেদ।

অনুষ্ঠানের উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘স্মরণিকা’র মোড়ক উন্মোচন করা হয়। এ ছাড়া ‘বাফা সম্মাননা পদক’ প্রদান করা হয় এবং বাফার শিল্পীরা সঙ্গীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

আয়োজকেরা জানান, প্রতিষ্ঠার ৭২ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজনের মাধ্যমে বাফার দীর্ঘ সাংস্কৃতিক যাত্রা, দেশের শিল্প-সংস্কৃতিতে এর অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহ্য সংরক্ষণের অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *