নেপালের নিহতদের স্মরণে ঢাকায় মোমবাতি প্রজ্বালন

নেপালের মানচিত্রের ওপর নিহতদের স্মরণে সারিবদ্ধভাবে মোমবাতি প্রজ্বালন করছেন বাংলাদেশ-নেপাল বন্ধুত্ব সমিতির সদস্য ও কূটনীতিকরা।

নেপালের সাম্প্রতিক ভয়াবহ দুর্ঘটনা ও আকস্মিক বন্যায় (ফ্ল্যাশ ফ্লাড) নিহতদের স্মরণে ঢাকায় মোমবাতি প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ-নেপাল বন্ধুত্বের প্রতীক হিসেবে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশীপ সোসাইটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের কর্মকর্তারাও। বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশীপ সোসাইটি-এর সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচির বিশেষ আকর্ষণ ছিল মাটিতে আঁকা নেপালের মানচিত্র। মানচিত্রের ওপর সারিবদ্ধভাবে মোমবাতি প্রজ্বালন করা হয়। প্রতিটি মোমবাতি দুর্ঘটনা ও ফ্ল্যাশ ফ্লাডে নিহত একজন মানুষের স্মরণে উৎসর্গ করা হয়।

আয়োজকেরা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় বাংলাদেশ গভীরভাবে শোকাহত। সংকটের এই সময়ে বাংলাদেশের জনগণ নেপালের জনগণের পাশে রয়েছে। দুই দেশের মানুষের বন্ধুত্ব ও পারস্পরিক সহমর্মিতার সম্পর্ক দীর্ঘদিনের।

অনুষ্ঠানে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এমন কঠিন সময়ে সংহতি প্রকাশ করা দুই দেশের জনগণের বন্ধুত্বকে আরও দৃঢ় করে। মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে নেপালের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *