নজরুল বর্ষে শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃজনশীল কর্মের চর্চা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৭ই আগস্ট) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরার ক্ষেত্রে সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমান বিশ্বে তাই সাংস্কৃতিক কূটনীতির গুরুত্ব বেড়েছে। সংস্কৃতির মাধ্যমে এক দেশের সঙ্গে অন্য দেশের মানুষের যে সম্পর্ক তৈরি করা সম্ভব, অনেক সময় তা প্রচলিত পররাষ্ট্রনীতির মাধ্যমেও সম্ভব হয় না।

নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, এর মাধ্যমে জাতীয় কবির সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে।

ঢাকা বিভাগের জেলা প্রশাসকদের সরকারের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে নিতাই রায় চৌধুরী বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম মাঠপর্যায়ে বাস্তবায়নে জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য তিনি ঢাকা বিভাগের সব জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন দিক নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব আইরিন ফারজানা। মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে নজরুলের সাহিত্য, সংগীত ও সংস্কৃতির সঙ্গে শিক্ষার্থীদের আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার পাশাপাশি তাদের সৃজনশীল দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা বিভাগের রেঞ্জ ডিআইজি, বিভাগের ১৩ জেলা প্রশাসক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার, শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা অংশ নেন।

এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা—জাসাসের নেতারাও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *