লালমনিরহাটে সার সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ কৃষকদের

লালমনিরহাটে সার সরবরাহের দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কৃষকদের বিক্ষোভ ও অবরোধ

লালমনিরহাটে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং সার সিন্ডিকেট বন্ধের দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। সোমবার (৭ই  সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কৃষকদের অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল। এতে পথচারী, যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগে পড়তে হয়।

আন্দোলনরত কৃষকদের অভিযোগ, চলতি আমন মৌসুমে চাহিদার তুলনায় বাজারে পর্যাপ্ত সার পাওয়া যাচ্ছে না। ফলে সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারছেন না তারা। এতে আমন ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

কৃষকদের দাবি, বাজারে অসাধু ব্যবসায়ীদের সার সিন্ডিকেটের কারণে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। তারা সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রতিদিনের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ। লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনিতা দাস, কৃষি বিভাগের কর্মকর্তা এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলেন।

কর্মকর্তারা কৃষকদের সমস্যার বিষয়টি শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসের পর প্রায় এক ঘণ্টা পর কৃষকরা মহাসড়ক থেকে সরে যান। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে এলাকায় সার সংকটের অভিযোগ অস্বীকার করেছেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনিতা দাস। তিনি বলেন, এ এলাকায় সারের কোনো সংকট নেই।”

একদিকে কৃষকদের মাঠপর্যায়ে সার না পাওয়ার অভিযোগ, অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার সংকট না থাকার দাবি—দুই বক্তব্যের মধ্যে বাস্তব পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আমন মৌসুমে কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ এবং বাজারে এর সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

সানোয়ার রাকিবুল ইসলাম
কালিগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *