এ বছর শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপিত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগাম প্রস্তুতি এবং প্রযুক্তিনির্ভর নজরদারির কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পূজা সম্পন্ন হয়েছে।
রোববার (২৫শে অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন মন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, এ বছর দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। উৎসব শান্তিপূর্ণ রাখতে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কাজ করেছে। সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। মন্ত্রী বলেন, গত ১৫ থেকে ১৭ বছর দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা দেখা গেছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে পেরেছে বলে দাবি করেন তিনি।
তাঁর ভাষ্য, এবার কোনো ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগাম প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ডিজিটাল ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তির সাহায্যে তৃণমূল থেকে বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত নজরদারি চালানো হয়েছে। এতে সম্ভাব্য কয়েকটি নাশকতার পরিকল্পনা আগেই নস্যাৎ করা সম্ভব হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতেও পূজার এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
সালাহউদ্দিন আহমদ জানান, দুর্গাপূজা উপলক্ষে সরকারি সহায়তা বাড়ানো হয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আগে পূজার জন্য সরকারি বরাদ্দের পরিমাণ ছিল সর্বোচ্চ চার কোটি টাকা। এ বছর তা বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের জন্য চালের বরাদ্দও ১০০ কেজি বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া সাপ্তাহিক ছুটিসহ সনাতন ধর্মাবলম্বীরা টানা পাঁচ দিনের ছুটি পেয়েছেন। এর মধ্যে তিন দিন ছিল সরকারি ছুটি।
মন্ত্রী বলেন, এসব উদ্যোগ একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সরকারের আন্তরিকতার প্রতিফলন।
গোপালগঞ্জ সদর উপজেলার খেয়াঘাটসংলগ্ন এলাকায় সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন ব্যক্তি টহলরত পুলিশের ওপর হামলার চেষ্টা করেছেন। তাঁর দাবি, সংখ্যায় কম থাকায় পুলিশ সদস্যরা হামলার মুখে পড়েন। ঘটনার দৃশ্য ধারণ করা চিত্র দেখে ইতিমধ্যে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।
পার্বত্য অঞ্চলের সাজেকে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, কয়েকটি ক্ষুদ্র সশস্ত্র গোষ্ঠীর অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারের চেষ্টাকে কেন্দ্র করে সেখানে প্রতিবছর পর্যটন মৌসুমে উত্তেজনা তৈরি হয়। তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াসহ স্থানীয় নেতারা রাজনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।
পূজার ছুটির মধ্যে একজন অতিরিক্ত উপমহাপরিদর্শকের বাসভবনে অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৫ জনকে সাজা দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযুক্ত কর্মকর্তার পরিচয় বিবেচনায় না নিয়েই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রচলিত আইন অনুযায়ী বিভাগীয় মামলা ও অন্যান্য আইনি প্রক্রিয়া চলবে বলেও জানান তিনি।
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং বিদেশে দেওয়া বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁকে দেশে ফিরিয়ে আনতে আইন ও প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে একাধিকবার অনুরোধ পাঠানো হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো শক্তি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলেও তা বরদাশত করা হবে না। গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যাওয়া কোনো পলাতক অপরাধীকে দেশে নতুন করে অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন অবশ্যই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। তাঁর ভাষ্য, এটি রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের অন্যতম অঙ্গীকার। তিনি বলেন, ত্রয়োদশ সংশোধনীসংক্রান্ত আগের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের পথ তৈরি করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনসভার মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল ও প্রতিস্থাপন করা হবে।
আরো পড়ুন : প্রকল্পে বিলম্ব নয়, নির্ধারিত সময়েই কাজ শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর