মধুপুরের গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এ জনগোষ্ঠীর সমস্যা ও প্রত্যাশা লিখিতভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেসব পর্যালোচনা করে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে বিষয়গুলো উপস্থাপন করবেন।
মন্ত্রী বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জন্য এমন কিছু করতে চান, যাতে তাঁরা তাঁকে সারা জীবন মনে রাখেন।
বুধবার (২১শে অক্টোবর) টাঙ্গাইলের মধুপুরের পীরগাছা থাংয়ানি ঋণ সমিতি প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মধুপুরের আবিমা গড়াঞ্চলের গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় ফকির মাহবুব আনাম বলেন, আদিবাসী জনগোষ্ঠীর সমস্যা ও প্রত্যাশা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা জরুরি। তাঁদের দাবিগুলো লিখিতভাবে বিস্তারিত তুলে ধরতে হবে। এসব তথ্য পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। এর মাধ্যমে বাস্তবসম্মত সমাধানের পথ বের করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মধুপুরের গারো, কোচ ও বর্মণ তরুণ-তরুণীদের কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, এ জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তাঁদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান তিনি।
মধুপুরের আদিবাসী অধ্যুষিত এলাকার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী ডিজিটাল পরীক্ষাগার স্থাপন, সড়ক যোগাযোগের উন্নয়ন এবং মুঠোফোনের নেটওয়ার্ক সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন। এসব বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হবে বলে তিনি জানান।
তথ্যপ্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে নতুন প্রজন্মের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্র সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী।
ফকির মাহবুব আনাম বলেন, জনগণের ভোট ও আস্থার মর্যাদা রক্ষা করতে হলে তাঁদের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করতে হবে। এ জন্য আদিবাসী নেতাদের নিজেদের দাবি ও প্রত্যাশা সুসংগঠিতভাবে তুলে ধরতে হবে। তিনি জনগোষ্ঠীটির সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জন জেংচারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র ও জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদক এবং অজয় এ মৃ।
এ ছাড়া আদিবাসী যুব ও ছাত্র প্রতিনিধি জুয়েল রেটিং, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর নেতারা সভায় উপস্থিত ছিলেন।
আরো পড়ুন : মধুপুরে সুপেয় পানির প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন