মধুপুরে সুপেয় পানির প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম টাঙ্গাইলের মধুপুর উপজেলায় শিক্ষা ও জনস্বাস্থ্য খাতের একাধিক উন্নয়নকাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তিনি বলেন, শিক্ষা অবকাঠামোর উন্নয়ন এবং নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

মন্ত্রী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে কাকরাইদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১ লাখ লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার মানুষ আর্সেনিকমুক্ত ও নিরবচ্ছিন্ন সুপেয় পানি পাওয়ার সুযোগ পাবেন।

পরে মন্ত্রী জটাবাড়ী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন। একই সফরে তিনি গাংগাইর নজমুল ইসলাম ফাযিল মাদ্রাসা, মধুপুর আদর্শ ইসলামিয়া কামিল মাদ্রাসা এবং শালিখা ফাজিল মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনেরও উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্যে ফকির মাহবুব আনাম বলেন, সরকার শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষা অবকাঠামো গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করছে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নকলমুক্ত ও স্বচ্ছ পরীক্ষা পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। এর ফলে প্রকৃত মেধাবীরা যথাযথ মূল্যায়নের সুযোগ পাচ্ছে।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করাও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ লক্ষ্যেই বিভিন্ন এলাকায় জনস্বাস্থ্য প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, মধুপুর উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জনসেবামূলক অবকাঠামোর উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে প্রকল্প গ্রহণ করছে। এসব উন্নয়নকাজ স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *