জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন হাতীবান্ধার শাহ্ গরীবুল্লাহ্ বালিকা বিদ্যালয়

জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন হয়ে হাতীবান্ধায় ফেরার পর আনন্দ শোভাযাত্রায় অংশ নিচ্ছেন শাহ্ গরীবুল্লাহ্ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের খেলোয়াড়েরা

৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর কাবাডিতে বালিকা বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শাহ্ গরীবুল্লাহ্ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এই সাফল্যে বিদ্যালয়টির পাশাপাশি পুরো হাতীবান্ধা উপজেলায় আনন্দের আবহ তৈরি হয়েছে।

সোমবার (১২ই অক্টোবর) সকালে জাতীয় খেতাব জয়ী দলটি এলাকায় ফিরলে তাদের বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে খেলোয়াড়দের খোলা ছাদের গাড়িতে তুলে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক প্রদক্ষিণ করে হাতীবান্ধা উপজেলা পরিষদ প্রাঙ্গণে যায়। পরে খেলোয়াড়েরা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তাঁরা নিজ বিদ্যালয়ে ফিরে আসেন।

এর আগে গত ৬ই অক্টোবর কুমিল্লার ঐতিহাসিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয় ৯ই অক্টোবর। পরদিন বিজয়ী দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানিয়ে দলের খেলোয়াড় জাকিয়া সুলতানা জীম বলেন, শিক্ষক, প্রশিক্ষক ও সতীর্থদের কঠোর পরিশ্রমের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

দলের আরেক খেলোয়াড় নুরে মুমতারিন বলেন, তাঁদের এই সাফল্য হাতীবান্ধার গৌরব বাড়িয়েছে। তাঁদের অর্জন দেখে অন্য শিক্ষার্থীরাও খেলাধুলায় আগ্রহী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দলের প্রশিক্ষক ফয়জুন নেছা মনা বলেন, মেয়েদের এই সাফল্যে তাঁরা গর্বিত। তবে নারী খেলোয়াড়দের জন্য উপযুক্ত খেলার মাঠ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সহযোগিতা করলে মেয়েরা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে পারবে বলে তিনি আশা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবার রহমান বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, মেয়েদের এই সাফল্যে বিদ্যালয়ের সুনাম দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদী।

হাতীবান্ধা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জানান, হাতীবান্ধা-পাটগ্রাম আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এবং উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে চ্যাম্পিয়ন দলকে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র জানান, খেলোয়াড়দের এই অর্জনে উপজেলা প্রশাসন তাঁদের পাশে রয়েছে। শিগগিরই তাঁদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করা হবে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।

বিজয়ী দলকে অভিনন্দন জানাতে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতারা এবং উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সানোয়ার রাকিবুল হাসান
কালিগঞ্জ (​লালমনিরহাট) প্রতিনিধি

আরো পড়ুন : জাতীয় মহিলা ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *