জাতীয় মহিলা ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ শুরু

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে বার্জার পেইন্টস ৪৪তম জাতীয় মহিলা ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠান।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের আর্থিক পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে বার্জার পেইন্টস ৪৪তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ। শনিবার (৩রা অক্টোবর) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন আহমেদ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ অংশগ্রহণকারী খেলোয়াড়দের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় ফেডারেশনের যুগ্ম সম্পাদক ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, কোষাধ্যক্ষ মোহাম্মদ ফরহাদুর রহমান সাবাব, আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ এবং এডহক কমিটির সদস্য মো. মঞ্জুর আলম উপস্থিত ছিলেন।

এবারের প্রতিযোগিতায় দেশের ২২টি জেলা থেকে ৭৩ জন মহিলা ও বালিকা দাবাড়ু অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন তিন মহিলা আন্তর্জাতিক মাস্টার—রানী হামিদ, ওয়াদিফা আহমেদ ও শারমীন সুলতানা শিরিন। এছাড়া রয়েছেন তিন মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, ওয়ারসিয়া খুশবু ও জান্নাতুল ফেরদৌস এবং ছয় মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, কাজী জারিন তাসনিম, ইশরাত জাহান দিবা, নিলীভা চৌধুরী, ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা ও ওয়ারিসা হায়দার।

প্রথম রাউন্ডেই শীর্ষ খেলোয়াড়দের কয়েকজন জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করেছেন। রাউন্ড শেষে ৩৬ জন খেলোয়াড় নিজ নিজ খেলায় জয় পেয়ে পূর্ণ এক পয়েন্ট অর্জন করেন।

প্রথম রাউন্ডের উল্লেখযোগ্য ম্যাচে মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ কৃষ্টিকে, ফিদে মাস্টার নাজরানা নাবাকে এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো সানজিদাকে হারান। কাজী জারিন তাসনিম আতিয়াকে, শারমীন সুলতানা শিরিন কামরুন্নাহারকে এবং ইশরাত জাহান দিবা তুবাকে পরাজিত করেন।

এ ছাড়া মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু তনিমাকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নিলীভা চৌধুরী আয়েশাকে এবং জান্নাতুল ফেরদৌস ফাহমিদাকে হারিয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছেন। মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদও কামরুন নেসাকে পরাজিত করে জয় দিয়ে শুরু করেছেন। অন্যদিকে সিমন শাহনাজের সঙ্গে ড্র করেছেন তিনি।

এবারের ‘বি’ চ্যাম্পিয়নশিপের ফলের গুরুত্ব শুধু এই আসরেই সীমাবদ্ধ নয়। প্রতিযোগিতার শীর্ষ ১২ খেলোয়াড় বার্জার পেইন্টস ৪৪তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবেন। ফলে শুরু থেকেই প্রতিটি রাউন্ডে পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে গতবারের চ্যাম্পিয়ন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও রানার-আপ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদকে ‘বি’ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব পেরোতে হবে না। তাঁরা সরাসরি জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছেন।

৭৩ জন খেলোয়াড়ের এই প্রতিযোগিতায় অভিজ্ঞ আন্তর্জাতিক মাস্টারদের পাশাপাশি উঠতি নারী ও কিশোরী দাবাড়ুদের অংশগ্রহণ জাতীয় পর্যায়ে নতুন প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে। সামনে আরও কয়েকটি রাউন্ডে বোর্ডের লড়াইয়ে পরিষ্কার হবে কারা শেষ পর্যন্ত সেরা ১২ জনের জায়গা করে নিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপের মূল পর্বে পৌঁছান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *