লালমনিরহাটের আদিতমারীতে এক দুবাইপ্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে নুরনবী (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে উপজেলার দীঘলটারী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এসআরবি।
গ্রেপ্তার নুরনবী উপজেলার গোবর্দ্ধন পাকারমাথা গ্রামের নবিয়র হোসেনের ছেলে। এসআরবির ভাষ্য অনুযায়ী, তিনি মামলার প্রধান আসামি এবং অভিযোগকারী নারীর জ্যাঠাতো দেবর।
মামলার এজাহার অনুযায়ী, ওই নারীর স্বামী প্রায় তিন বছর ধরে দুবাইয়ে অবস্থান করছেন। পাশাপাশি বাড়িতে থাকার সুবাদে নুরনবী বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ করা হয়েছে। এতে রাজি না হওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।
এজাহারে আরও বলা হয়েছে, গত ২০শে সেপ্টেম্বর রাত ১টার দিকে ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান। এ সময় নুরনবী কৌশলে তার ঘরে ঢুকে লুকিয়ে থাকেন বলে অভিযোগ করা হয়। পরে ওই নারী ঘরে ফিরে এলে রাত ১টা ৪০ মিনিটের দিকে নুরনবী তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর ২৪শে সেপ্টেম্বর ওই নারী আদিতমারী থানায় মামলা করেন। মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি।
এসআরবি-১৩-এর সিপিএসসি, রংপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে দীঘলটারী গ্রামে অভিযান চালিয়ে নুরনবীকে গ্রেপ্তার করে। পরে তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
শাহ আনিস আরাফাত রাজিন
লালমনিরহাট সদর প্রতিনিধি