সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। হত্যা, ধর্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) বিকেলে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়।
উদীচী কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল ৫টায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড, সাংস্কৃতিক আয়োজন বন্ধের হুমকি, বাদ্যযন্ত্র ভাঙচুর, কনসার্টে বাধা এবং নৌকাবাইচ বন্ধের অপচেষ্টার প্রতিবাদ জানানো হয়।
উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শিবাণী ভট্টাচার্য্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, সহ-সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ, ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক কংকন নাগ, কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য হান্নান চৌধুরী, যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম এবং ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক মুরশিকুল ইসলাম শিমুল।
সমাবেশ সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সংগঠনবিষয়ক সম্পাদক শেখ আনিসুর রহমান।
সমাবেশে উদীচীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম বলেন, দেশজুড়ে নৈরাজ্য ও অস্থিরতা চলছে। রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিচারের দাবি জানান তিনি।
তার অভিযোগ, হত্যাকাণ্ডের পর পুলিশের বক্তব্যে অসামঞ্জস্য ও ধোঁয়াশা রয়েছে। এ ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
সঙ্গীতা ইমাম অবিলম্বে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশে অসাম্প্রদায়িক সংস্কৃতির চর্চা হয়ে আসছে। এই সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের জন্য তথাকথিত মৌলবাদী গোষ্ঠী তৎপর হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বিভিন্ন স্থানে কনসার্ট আয়োজনে বাধা দেওয়া হয়েছে। পুলিশ লাইনসের ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর করে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করার ঘটনাও ঘটেছে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ বন্ধের অপচেষ্টার অভিযোগও করেন তিনি।
এসব ঘটনাকে বাংলাদেশের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক পরিবেশের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন মাহমুদ সেলিম। তার ভাষায়, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, দেশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে সঙ্গে নিয়ে এসব অপতৎপরতার বিরুদ্ধে উদীচী প্রতিরোধ গড়ে তুলবে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্যের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনাও হয়। উদীচীর শিল্পী শাওন কুমার রায় একক সংগীত পরিবেশন করেন। একক আবৃত্তি করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও বাচিক শিল্পী বেলায়েত হোসেন এবং মাসরুর এ সাত্তার কল্লোল।
ঢাকার পাশাপাশি দেশের প্রায় সব জেলায় উদীচীর উদ্যোগে একই দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে সংস্কৃতি চর্চার স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানানো হয়।