বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের বিরুদ্ধে মানহানির অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আসিফ মাহমুদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি একটি প্রকাশ্য অনুষ্ঠানে বীথিকা বিনতে হোসাইন অভিযোগ করেন যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্য হওয়ার জন্য তাঁর কাছে আসিফ মাহমুদ তিন কোটি টাকা দাবি করেছিলেন।
বিবৃতিতে দাবি করা হয়, ওই বক্তব্য প্রকাশের পর আসিফ মাহমুদের পক্ষ থেকে একাধিকবার বীথিকা বিনতে হোসাইনের সঙ্গে যোগাযোগ করে অভিযোগের পক্ষে প্রমাণ এবং অর্থ দাবি সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য চাওয়া হয়। তবে তিনি কোনো প্রমাণ বা নির্দিষ্ট তথ্য দেননি।
আসিফ মাহমুদের পক্ষের ভাষ্য অনুযায়ী, বীথিকা বিনতে হোসাইন একপর্যায়ে জানান, তাঁকে এ ধরনের তথ্য অন্যের কাছ থেকে জানানো হয়েছিল। পরে বিস্তারিত তথ্য দেওয়ার আশ্বাস দিলেও আর যোগাযোগ করেননি বলে দাবি করা হয়েছে।
এ পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানানো হয়। নোটিশে সাত দিনের মধ্যে অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় অভিযোগ প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার অনুরোধ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এ দুটি পদক্ষেপের কোনোটি গ্রহণ না করা হলে বীথিকা বিনতে হোসাইনের বিরুদ্ধে প্রচলিত আইনে মানহানির মামলা বা অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একই বিবৃতিতে আসিফ মাহমুদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে তাঁকে এবং আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টা চলছে। এসব ঘটনাকে তাঁরা ব্যক্তি আক্রমণের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা হিসেবে দেখছেন।