জাতীয় আবৃত্তি উৎসব-২০২৬ আয়োজন করছে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের আয়োজনে ৫ই  আগস্ট ২০২৬ রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬’। দিনব্যাপী এই উৎসবে দেশের বিভিন্ন আবৃত্তি সংগঠন, আবৃত্তিশিল্পী ও সংস্কৃতিকর্মীরা অংশ নেবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ উৎসব। সকাল ১০টায় শিশু-কিশোরদের অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হবে। পরে বিকেল ৪টায় সম্মানিত অতিথিদের উপস্থিতিতে থাকবে উদ্বোধনী ও আলোচনা পর্ব।

উৎসবে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ, আবৃত্তি পরিবেশনা এবং দেশের বিভিন্ন আবৃত্তি সংগঠন ও দর্শকদের অংশগ্রহণে নানা আয়োজন রাখা হয়েছে। দেশের প্রতিনিধিত্বশীল আবৃত্তি সংগঠনগুলোর অংশগ্রহণে একক ও দলীয় আবৃত্তি পরিবেশনের পাশাপাশি থাকবে কবিতা পাঠের বিশেষ আয়োজন।

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন জানিয়েছে, উৎসবের মাধ্যমে শহীদদের স্মরণ এবং ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পতনের স্মৃতিকে ধারণ করে সাংস্কৃতিক চর্চাকে আরও এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসবে সংস্কৃতিকর্মী, সংগঠক, আবৃত্তিপ্রেমী দর্শক-শ্রোতাদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *