স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে রাজনৈতিক নেতাদের প্রশিক্ষণ দিল এনআইএমডি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে দুটি পৃথক কর্মশালার আয়োজন করেছে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় সহায়তাকারী ডাচ সংস্থা নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসি (এনআইএমডি)। কর্মশালাগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের নেতারা অংশ নেন।

এনআইএমডি জানায়, দুই দলের অংশগ্রহণকারীদের জন্য আলাদাভাবে দিনব্যাপী এই সক্ষমতা উন্নয়ন কর্মশালার আয়োজন করা হয়। এর উদ্দেশ্য ছিল স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে আগ্রহী রাজনৈতিক নেতাদের নির্বাচনী প্রস্তুতি, প্রচারণা পরিচালনা এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ে দক্ষতা বৃদ্ধি করা।

প্রশিক্ষণে নাগরিক সম্পৃক্ততা, তথ্যভিত্তিক নির্বাচনী প্রচারণা ব্যবস্থাপনা, কৌশলগত প্রচারণা পরিকল্পনা, রাজনৈতিক যোগাযোগ এবং নির্বাচনী প্রচারণার অর্থায়নে স্বচ্ছতার ওপর গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীদের কাছে এসব বিষয় বাস্তব অভিজ্ঞতা ও সমসাময়িক নির্বাচনী চ্যালেঞ্জের আলোকে উপস্থাপন করা হয়।

আয়োজকদের ভাষ্য, শক্তিশালী গণতান্ত্রিক চর্চা গড়ে তুলতে রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের নেতাদের সক্ষমতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের জন্য ধারাবাহিকভাবে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এনআইএমডি এর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে একই ধরনের কর্মশালার আয়োজন করেছে। সংস্থাটি জানিয়েছে, ভবিষ্যতেও গণতান্ত্রিক অংশগ্রহণ, অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতি এবং দক্ষ নির্বাচনী নেতৃত্ব গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

কর্মশালাগুলো আয়োজন করা হয় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এহেড বাংলাদেশ প্রকল্পের আওতায়।

বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী মাসুম কর্মশালাগুলো পর্যবেক্ষণ করেন।

উল্লেখ্য, নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসি (এনআইএমডি) বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক দল, নির্বাচিত প্রতিনিধি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে। বাংলাদেশেও সংস্থাটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংলাপ, নেতৃত্ব বিকাশ এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক অংশগ্রহণ জোরদারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *