অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের গভর্নর মার্গারেট বেজলি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এফ.এম. বোরহান উদ্দিন।
২৭ জুলাই সিডনির গভর্নমেন্ট হাউস -এ অনুষ্ঠিত বৈঠকে শিক্ষা, কৃষি, বাণিজ্য, দক্ষতা উন্নয়ন, অভিবাসন এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ জোরদারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের হাইকমিশনার সিডনিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। কারিগরি ও পেশাগত শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে অস্ট্রেলিয়ার টেকনিক্যাল অ্যান্ড ফার্দার এডুকেশন (টিএএফই)-এর সঙ্গে অংশীদারিত্বের সুযোগও রয়েছে।
তিনি অস্ট্রেলিয়ার খনি খাতে দক্ষ কর্মী পাঠানোর সম্ভাবনার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রত্যাখ্যানের সাম্প্রতিক চ্যালেঞ্জ নিয়েও গভর্নরকে অবহিত করেন।
আলোচনায় বাংলাদেশের জনমিতিক সম্ভাবনা, খাদ্য নিরাপত্তায় উল্লেখযোগ্য অগ্রগতি এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ ও নিউ সাউথ ওয়েলসের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। ভবিষ্যতে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ এবং জনসম্পৃক্ত সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
কূটনৈতিক সূত্রের মতে, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে আরও বিস্তৃত হয়েছে। শিক্ষা, বাণিজ্য, দক্ষ জনশক্তি, কৃষি প্রযুক্তি এবং অভিবাসন সহযোগিতা এখন দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রেক্ষাপটে নিউ সাউথ ওয়েলসের গভর্নরের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের এ বৈঠককে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।