বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় সহযোগিতা এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা আরও জোরদারের লক্ষ্যে লন্ডনে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রতিনিধিরা।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশবিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ -এর চেয়ার এমপি আপসানা বেগম এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড হোসেইন।
বৈঠকে বাংলাদেশের সংসদ সদস্য মোহাম্মদ কায়সার আহমেদ এবং লন্ডনে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. নজরুল ইসলামও উপস্থিত ছিলেন।
আলোচনায় বাংলাদেশ–যুক্তরাজ্য সম্পর্কের বিভিন্ন দিক উঠে আসে। বিশেষ করে দুই দেশের সংসদীয় সহযোগিতা, গণতান্ত্রিক শাসনব্যবস্থা, জনগণের পারস্পরিক যোগাযোগ এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় হয়।
উভয় পক্ষই বাংলাদেশ ও যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের মধ্যে নিয়মিত সংলাপ ও যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, এ ধরনের সম্পৃক্ততা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে।
বৈঠকের আগে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি কর্মকর্তাদের পেশাদারিত্ব, সমন্বয় এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থ সংরক্ষণ, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংসদীয় কূটনীতি বর্তমানে বাংলাদেশ–যুক্তরাজ্য সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। সরকার-টু-সরকার যোগাযোগের পাশাপাশি দুই দেশের আইনপ্রণেতাদের মধ্যে নিয়মিত সংলাপ পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং বিভিন্ন ইস্যুতে সহযোগিতা জোরদারে কার্যকর ভূমিকা রাখতে পারে।