ঢাকায় এক বিশেষ সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে তুলে ধরেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘গানে গানে জুলাই’ শীর্ষক এ আয়োজনের লক্ষ্য ছিল সংগীতের ভাষায় জুলাই অভ্যুত্থানের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান জাতীয় জীবনে সাহস, আত্মত্যাগ, ঐক্য এবং গণআকাঙ্ক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। সেই ইতিহাসকে কেবল স্মরণ নয়, বরং সংগীতের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে অর্থবহভাবে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
বক্তারা আরও বলেন, সংস্কৃতি শুধু অতীতের স্মৃতি সংরক্ষণের মাধ্যম নয়; এটি ভবিষ্যৎ নির্মাণেরও একটি শক্তিশালী ভিত্তি। এ কারণে জুলাইয়ের চেতনাকে ধারণ করে মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সৃজনশীল ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ভবিষ্যৎ বাংলাদেশের একটি স্বপ্নের কথাও তুলে ধরা হয়। সেই বাংলাদেশ হবে এমন একটি দেশ, যেখানে ইতিহাস থেকে শক্তি, সংস্কৃতি থেকে প্রেরণা এবং তরুণদের সৃজনশীলতা থেকে জাতি পাবে উন্নয়ন, সম্প্রীতি ও অগ্রযাত্রার নতুন দিকনির্দেশনা।
‘গানে গানে জুলাই’ আয়োজনের মাধ্যমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জুলাই অভ্যুত্থানের চেতনাকে সাংস্কৃতিক চর্চার অংশ হিসেবে ধরে রাখার এবং দেশ গঠনের অন্যতম ভিত্তি হিসেবে সাংস্কৃতিক জাগরণকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।