কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা

বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত নবীন আইনজীবীদের বরণ করে নিতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নবীন আইনজীবীদের পেশাগত জীবনের আনুষ্ঠানিক যাত্রাকে স্বাগত জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে আইন পেশায় সততা, নৈতিকতা ও পেশাগত দক্ষতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (৭্ই জুলাই ) বিকেলে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলার ৭ নম্বর হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহাবুবুল হক খন্দকার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। তিনি বলেন, আইন পেশা শুধু জীবিকা অর্জনের ক্ষেত্র নয়। এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি নবীন আইনজীবীদের সততা, পেশাগত দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এবং জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু। তারা বলেন, একজন আইনজীবী কেবল মক্কেলের প্রতিনিধি নন। তিনি সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠারও একজন গুরুত্বপূর্ণ অংশীদার। তাই প্রতিটি আইনজীবীকে আইন, নীতি ও বিবেকের সমন্বয়ে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল, জেলা সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট মো. তারেক আব্দুল্লাহ এবং অ্যাডভোকেট মো. শরীফুল ইসলামসহ সমিতির জ্যেষ্ঠ আইনজীবীরা।

স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহাবুবুল হক খন্দকার নবীন আইনজীবীদের অভিনন্দন জানান। তিনি বলেন, আইন পেশার মর্যাদা রক্ষায় নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাগত আদর্শ অনুসরণ করতে হবে।

বক্তারা নবীন আইনজীবীদের উদ্দেশে বলেন, পেশাগত জীবনের শুরু থেকেই সততা, অধ্যবসায়, নিয়মানুবর্তিতা এবং সিনিয়রদের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে। দক্ষতা অর্জনের পাশাপাশি মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানের একপর্যায়ে নবাগত আইনজীবীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তাঁদের সফল পেশাগত জীবনের জন্য শুভকামনা জানানো হয়। এ সময় নবীন আইনজীবীদের মধ্যে নতুন পথচলার উচ্ছ্বাস দেখা যায়। প্রবীণ আইনজীবীদের উপস্থিতি অনুষ্ঠানে আন্তরিকতা ও প্রজন্মের মধ্যে সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করে।

সংবর্ধনা অনুষ্ঠানে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির বিপুলসংখ্যক নবীন ও জ্যেষ্ঠ আইনজীবী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে আইন পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখা, পেশাগত আদর্শ অনুসরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের শেষে নবাগত আইনজীবীদের অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ, পেশাগত সাফল্য এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *