কুমিল্লায় নবাগত সিনিয়র জেলা জজকে আইনজীবী সমিতির সংবর্ধনা

কুমিল্লার নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। বিচার বিভাগের মর্যাদা, ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার এবং বিচারক-আইনজীবীদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৭ই জুলাই) বিকেলে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলার ৭ নম্বর হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীন ও প্রবীণ আইনজীবীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ। সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহাবুবুল হক খন্দকার। তিনি অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যও দেন।

অনুষ্ঠানের শুরুতেই সমিতির নেতারা নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজকে ফুলেল শুভেচ্ছা জানান। উপস্থিত আইনজীবীরা করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে কুমিল্লার বিচার ব্যবস্থা আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বলেন, বিচারক ও আইনজীবীরা একই লক্ষ্য নিয়ে কাজ করেন। সেই লক্ষ্য হলো ন্যায়বিচার প্রতিষ্ঠা। এ লক্ষ্য অর্জনে পারস্পরিক সম্মান, আন্তরিকতা ও পেশাগত সৌহার্দ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নবাগত জেলা জজের সফল দায়িত্ব পালনের প্রত্যাশা জানান।

এ সময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইলসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, কুমিল্লার বিচারাঙ্গন দীর্ঘদিন ধরে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নবাগত জেলা জজের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও কর্মদক্ষতা বিচার বিভাগের কার্যক্রমে নতুন গতি আনবে বলে তারা আশা করেন।

বক্তারা আরও বলেন, বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে এবং বিচার ব্যবস্থা আরও কার্যকর করতে বিচারক ও আইনজীবীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সৌহার্দ্যই ন্যায়বিচার নিশ্চিত করার অন্যতম ভিত্তি।

সংবর্ধনার জবাবে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন জেলা আইনজীবী সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বজায় রাখতে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনই তাঁর প্রধান অঙ্গীকার। আইনজীবীদের সহযোগিতায় কুমিল্লার বিচার ব্যবস্থাকে আরও কার্যকর, মানবিক ও জনবান্ধব করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন আদালতের বিচারক, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, নবীন-প্রবীণ আইনজীবী এবং বিচারাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় এবং স্মারক আলোকচিত্র ধারণের মধ্য দিয়ে সংবর্ধনা শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *