চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দুঃস্থ, অসহায় এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। গতকাল চট্টগ্রাম মহানগরী ও হাটহাজারীর পৃথক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল এবং তাঁর ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করেন।
বিতরণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষের হাতে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। পরে বায়েজিদের ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে উপকারভোগীদের মধ্যে চাল ও নগদ সহায়তা বিতরণ করেন প্রতিমন্ত্রী।
এদিকে, হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন তিনি। ক্ষতিগ্রস্তদের হাতে তাৎক্ষণিক নগদ আর্থিক সহায়তাও তুলে দেন।
অনুষ্ঠানগুলোতে বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, জনগণের সেবক হিসেবে মানুষের দুর্দিনে পাশে থাকা সরকারের দায়িত্ব। তিনি বলেন, সরকারের মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সরকার শুধু ত্রাণ বিতরণে সীমাবদ্ধ থাকতে চায় না। দীর্ঘমেয়াদে মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
বক্তব্যে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করেন। একই সঙ্গে একটি বৈষম্যহীন, মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বানও জানান।