জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশ, দোহায় দূতাবাসে উদযাপন

দোহা, কাতার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়ার গৌরবময় অর্জন এবং চার দশক পর এ পদে বাংলাদেশের প্রত্যাবর্তন উদযাপন উপলক্ষে কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ দূতাবাসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১০ই জুন সন্ধ্যায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হযরত আলী খান। অনুষ্ঠানে কাতারপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা অংশ নেন।

মিশনের উপপ্রধান ওয়ালিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনায় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনের প্রক্রিয়া ও এর তাৎপর্য নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ বারিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ এ পদে বাংলাদেশের প্রতিনিধির নির্বাচিত হওয়া দেশের কূটনৈতিক সক্ষমতা ও আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

আলোচনা পর্বে বক্তব্য দেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতারা। বক্তারা এ অর্জনকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন এবং আন্তর্জাতিক পরিসরে দেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্য প্রদানকারীদের মধ্যে ছিলেন শরিফুল হক সাজু, আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন আকন্দ, আরিফুদৌলা পালোয়ান, মাওলানা ইউসুফ, মহিউদ্দিন কাজল, নুরুল কবির চৌধুরী এবং বাংলাদেশ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আরও অনেকে।

সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত হযরত আলী খান এ অর্জনের পেছনে বাংলাদেশের নেতৃত্ব, কূটনৈতিক প্রচেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিরলস পরিশ্রমের প্রশংসা করেন। তিনি বলেন, এই সাফল্য শুধু বাংলাদেশের নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত কোটি প্রবাসী বাংলাদেশিরও গর্বের বিষয়। একই সঙ্গে তিনি আগামী দিনের আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সক্রিয় ভূমিকার বিষয়েও আলোকপাত করেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা করতালির মাধ্যমে এ সাফল্যকে স্বাগত জানান এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনা সভার পর শ্রম কাউন্সিলর মাসহুদুল কবিরের পরিচালনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পী জেমসসহ অন্যান্য শিল্পীরা। এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা আবৃত্তি করেন মহিউদ্দিন কাজল। সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

শেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

দোহাস্থ বাংলাদেশ দূতাবাস এ উপলক্ষে সমগ্র জাতি ও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের নেতৃত্ব বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি ও কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *