ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের নিমুরিয়ায় অনুষ্ঠিত হয়েছে ফ্যামিলি সমাবেশ। বুধবার (১০ই জুন ) জেলা তথ্য অফিস, ময়মনসিংহ এ অনুষ্ঠানের আয়োজন করে। সমাবেশে সরকারের বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি ও সামাজিক সচেতনতামূলক বিষয় তুলে ধরা হয়।
আয়োজক সূত্র জানায়, মানুষের মধ্যে সরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সমস্যাগুলো মোকাবিলায় অংশগ্রহণমূলক উদ্যোগ জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
সমাবেশে প্রধানমন্ত্রী ঘোষিত বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ছিল ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য পরিবহন সুবিধা, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফসহ নির্বাচনি ইশতেহারে বর্ণিত বিভিন্ন উন্নয়ন উদ্যোগ।
এ ছাড়া নৈতিক অবক্ষয়, মানবিক মূল্যবোধের চর্চা এবং সামাজিক অবক্ষয় রোধে পরিবার ও সমাজের ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। গুজব ও অপতথ্য প্রতিরোধে সচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহারের আহ্বান জানানো হয়।
জনস্বাস্থ্য বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। হাম ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় তুলে ধরা হয়। একই সঙ্গে মানব পাচার, মাদক, অপরাজনীতি, সাম্প্রদায়িকতা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত সামাজিক উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলা হয়।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, তথ্য অধিকার এবং অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিষয়ও গুরুত্ব পায়। জেলা তথ্য অফিসার মীর আকরাম বলেন, পরিবারকে সামাজিক পরিবর্তনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে তথ্যভিত্তিক সচেতনতা ও নাগরিক অংশগ্রহণ বাড়াতে হবে।
জেলা তথ্য অফিস জানিয়েছে, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবার বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।