অল্টারনেটিভসের ন্যাশনাল অর্গানাইজিং কমিটিতে যুক্ত হলেন আরও ১৭ সংগঠক

দেশের তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং জুলাই আন্দোলনের ঘোষিত লক্ষ্য ও আকাঙ্ক্ষাকে সামনে রেখে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’ তাদের ন্যাশনাল অর্গানাইজিং কমিটির সম্প্রসারিত তালিকা প্রকাশ করেছে। নতুন এই তালিকায় দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে আরও ১৭ জন সংগঠক যুক্ত হয়েছেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে ন্যাশনাল অর্গানাইজিং কমিটি আরও সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে শিগগিরই একটি রাজনৈতিক রূপরেখা প্রকাশের পরিকল্পনাও রয়েছে।

অল্টারনেটিভসের নেতারা বলছেন, নির্বাচন-পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। পাশাপাশি নাগরিক নিরাপত্তা ও অংশগ্রহণমূলক রাজনীতির ক্ষেত্রেও উদ্বেগের বিষয় রয়েছে। এই প্রেক্ষাপটে রাষ্ট্র পরিচালনা ও নীতি নির্ধারণের প্রক্রিয়ায় তরুণদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছে সংগঠনটি।

সংগঠনের ভাষ্য অনুযায়ী, নতুন যুক্ত হওয়া সংগঠকদের প্রধান দায়িত্ব হবে দেশের বিভিন্ন অঞ্চলের রাজনীতি-সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা এবং তাদের সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। পাশাপাশি জুলাই আন্দোলনে নিহতদের পরিবার, আহত অংশগ্রহণকারী এবং মাঠপর্যায়ের কর্মীদের সঙ্গে সমন্বয় করে নতুন নেতৃত্ব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

অল্টারনেটিভস জানিয়েছে, তারা একটি দায়িত্বশীল ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে। এ উদ্দেশ্যে জেলা ও উপজেলা পর্যায়ে সংলাপ, সাংগঠনিক যোগাযোগ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে সাংগঠনিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ছাত্র, শ্রমিক, কৃষক, নারী ও সাধারণ নাগরিকদের সম্পৃক্ত করে একটি বিস্তৃত রাজনৈতিক নেটওয়ার্ক তৈরির কথাও জানিয়েছে সংগঠনটি।

বর্ধিত ন্যাশনাল অর্গানাইজিং কমিটিতে সংগঠক হিসেবে যুক্ত হয়েছেন আসিফ আহমেদ, এ এইচ এম জাহিদ হোসেন, ইয়াসমিন মমতাজ, ওমর ফারুক, কাজী মো. নিজাম উদ্দিন, জায়েদ উর রহমান, তারেক চাকমা, তাসনুভা আমিন, মো. নাহিন আহমেদ, মো. বেলাল হোসেন, মেহেদী হাসান লিমন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোনতাছির খান, মোস্তফা রাজিউল ইসলাম, রাকিব আল হাসান, রিফাত রহমান এবং সৈয়দ আবদুল মাবুদ।

সংগঠনটির নেতারা আশা করছেন, নতুন সংগঠকদের যুক্ত হওয়ার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে তাদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং নতুন রাজনৈতিক চিন্তা ও নেতৃত্ব বিকাশের ক্ষেত্র তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *