উত্তরাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করতে বগুড়া বিমানবন্দর সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ, দীর্ঘ রানওয়ে, কার্গো ফ্যাসিলিটি ও পাইলট ট্রেনিং একাডেমি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৭ই মে) বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে বগুড়া বিমানবন্দর পরিদর্শনে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
পরিদর্শন শেষে মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় সরকার বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপ দিতে কাজ শুরু করেছে। তিনি বলেন, উত্তরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে বড় পরিসরের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই যাত্রা বগুড়া থেকেই শুরু হচ্ছে।
প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পাশাপাশি ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে তৈরির পরিকল্পনা রয়েছে। এতে দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজ অবতরণ করতে পারবে। একই সঙ্গে আধুনিক কার্গো ফ্যাসিলিটি গড়ে তোলা হবে। এতে উত্তরাঞ্চলের কৃষিপণ্য, শিল্পপণ্য ও রপ্তানি বাণিজ্যে নতুন গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সরকারি সূত্র জানায়, বগুড়া বিমানবন্দর সম্প্রসারণের মাধ্যমে উত্তরাঞ্চলে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে কৃষিপণ্য দ্রুত পরিবহন, রপ্তানি বৃদ্ধি এবং পাইলট প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারসহ মন্ত্রণালয় ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।