সিআইডি–এফবিআই বৈঠক: অনলাইন প্রতারণা দমনে সহযোগিতা বাড়ানোর ওপর জোর

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর মধ্যে অনলাইন প্রতারণা (অনলাইন স্ক্যামিং) দমন, তদন্তে সহযোগিতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩রা আগস্ট) ঢাকায় সিআইডি সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনের সঙ্গে এফবিআই প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।

এফবিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিস অব লিগ্যাল অ্যাটাশের এফবিআই অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে রাইলি পামারট্রি । প্রতিনিধিদলে আরও ছিলেন পুলিশ লিয়াজোঁ স্পেশালিস্ট মোহাম্মদ আমিনুল ইসলাম।

বৈঠকে অনলাইন প্রতারণা প্রতিরোধ ও দমনে দুই সংস্থার পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ সময় তদন্তে তথ্য-উপাত্ত বিনিময়, দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার বিষয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।

এ ছাড়া পারস্পরিক আইনি সহায়তা, তদন্ত-সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় এবং অনলাইনভিত্তিক আর্থিক অপরাধ ও সংঘবদ্ধ অপরাধ মোকাবেলায় যৌথ উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সিআইডির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকটি ছিল ফলপ্রসূ। অনলাইনভিত্তিক অপরাধ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা আরও কার্যকর করার ক্ষেত্রেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সৌজন্য সাক্ষাৎকালে সিআইডির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *