বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৮জুলাই) রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, নরওয়ের রাষ্ট্রদূত হোকন আরাল্ড গুলব্রানসেন এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। এনসিপির পক্ষে আন্তর্জাতিক বিষয়ক ইন-চার্জ আলাউদ্দিন মোহাম্মদ এবং ইউরোপ ডেস্ক সমন্বয়কারী নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সম্প্রতি গণভোটের মাধ্যমে অনুমোদিত জুলাই সনদের বাস্তবায়ন এবং এর আওতায় সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।
আলোচনায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং বাংলাদেশ ও নর্ডিক দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাও গুরুত্ব পায়। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূতরা সরকারের প্রস্তাবিত সংবিধান সংস্কার কমিশন সম্পর্কে এনসিপির অবস্থান জানতে চান। এ বিষয়ে দলের দৃষ্টিভঙ্গি ও যুক্তি তাদের সামনে তুলে ধরা হয়।
এ সময় রাষ্ট্রদূতরা এনসিপির জুলাই সমাবেশে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজেদের পর্যবেক্ষণও তুলে ধরেন।
বৈঠকে জাতীয় বাজেট নিয়ে এনসিপির অবস্থানের প্রশংসা করেন নর্ডিক রাষ্ট্রদূতরা। তারা বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। বিশেষ করে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠক শেষে উভয় পক্ষ গণতান্ত্রিক সম্পৃক্ততা, নিয়মিত সংলাপ এবং গঠনমূলক আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।