অসুস্থ নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয়

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিল ডিমেনশিয়া (স্মৃতিভ্রম) রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবর জানার পর শিল্পীর পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

আজ রাজধানীর ধানমন্ডিতে শবনম মুশতারীর বাসভবনে যান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি এবং প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। তারা শিল্পীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শবনম মুশতারীর জরুরি চিকিৎসার জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তার একটি চেক পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

সফরকালে শিল্পী কল্যাণ ট্রাস্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সায়েলা খানম এবং শিল্পীর পরিবারের নিকটাত্মীয়রাও উপস্থিত ছিলেন।

শবনম মুশতারী বাংলাদেশের নজরুলসংগীতের অন্যতম বিশিষ্ট শিল্পী। নজরুলসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৭ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননাগুলোর একটি ‘একুশে পদক’ লাভ করেন। পরে ২০১৫ সালে তিনি জাতীয়ভাবে ‘নজরুল পুরস্কার’-এও ভূষিত হন।

তিনি বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি তালিম হোসেন এবং প্রখ্যাত কথাসাহিত্যিক ও সাংবাদিক বেগম মাফরুহা চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা। দীর্ঘ সাংস্কৃতিক জীবনে নজরুলসংগীতের চর্চা, পরিবেশনা এবং প্রসারে তাঁর অবদান দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষভাবে স্বীকৃত।

দেশের এই বরেণ্য শিল্পীর চিকিৎসায় সরকারের আর্থিক সহায়তা তাঁর পরিবারকে তাৎক্ষণিকভাবে কিছুটা স্বস্তি দেবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *