হাতীবান্ধায় সাড়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ, ভ্যানচালক গ্রেপ্তার

 

লালমনিরহাটের হাতীবান্ধায় সাড়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবু তালেব (৫০) নামে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ভোররাতে প্রযুক্তির সহায়তায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে লালমনিরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার হাতীবান্ধা এলাকায় অজ্ঞাতনামা এক ভ্যানচালক কর্তৃক ওই শিশুটি ধর্ষণের শিকার হয়। ঘটনার পর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি জানতে পেরে হাতীবান্ধা থানা পুলিশ দ্রুত শিশুটির পরিবার ও আত্মীয়স্বজনদের সাথে যোগাযোগ করে। পরবর্তীতে শিশুটির দাদা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয়ের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযানে নামে। তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং ভিকটিম শিশুর দেওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে বরখাতা এলাকার বাসিন্দা ভ্যানচালক মোহাম্মদ আবু তালেবকে শনাক্ত করা হয়। পরে আজ ভোররাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান,”অজ্ঞাতনামা ভ্যানচালক কর্তৃক সাড়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের খবর পাওয়ার পরপরই আমরা তৎপরতা শুরু করি। ভিকটিমের পরিবারকে আইনি সহায়তার আশ্বাস দিয়ে দ্রুত মামলা গ্রহণ করা হয়। পরবর্তীতে তথ্য-প্রযুক্তি এবং ভিকটিমের দেওয়া বিবরণের সূত্র ধরে আসামিকে শনাক্ত করে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে লালমনিরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সাব্বির হোসেন
হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *