যুক্তরাজ্যে মুসলিম সম্প্রদায়ের জন্য সরকারি বা প্রাতিষ্ঠানিকভাবে ঈদের ছুটির দাবিতে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‘যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই’ শীর্ষক এই কর্মসূচি শুরু হয় ৪ঠা মে সোমবার, হোয়াইটচ্যাপেল আন্ডারগ্রাউন্ড স্টেশনের সামনে থেকে।
মে দিবসের জাতীয় ছুটির দিনে আয়োজিত এ কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল ‘ওয়ান কমিউনিটি, ইক্যুয়াল রাইটস’। শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশি হসপিটালিটি ওয়ার্কার্স ফোরাম ইউকের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এই প্রচারণা পরিচালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে পূর্ব লন্ডনের ওয়াটনি মার্কেট, হোয়াইটচ্যাপেলের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, খোলা বাজার এবং ব্যস্ততম আন্ডারগ্রাউন্ড স্টেশনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। আয়োজকরা পথচারী ও যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে যুক্তরাজ্যে কেন ঈদের ছুটি প্রয়োজন, কীভাবে তা বাস্তবায়ন করা সম্ভব এবং বহুসাংস্কৃতিক সমাজে এর ইতিবাচক প্রভাব কী হতে পারে—সেসব বিষয় তুলে ধরেন।
আয়োজকদের ভাষ্য, যুক্তরাজ্যের মতো বহুভাষিক ও বহুসংস্কৃতির দেশে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রধান উৎসবগুলোতে শ্রমিকদের ছুটির সুযোগ নিশ্চিত করা সময়ের দাবি। বিশেষ করে হসপিটালিটি খাতে কর্মরত বিপুলসংখ্যক মুসলিম শ্রমিক বছরের দুই ঈদে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ থেকে বঞ্চিত হন।
ক্যাম্পেইনে মুখ্য ভূমিকা পালন করেন বাংলাদেশি হসপিটালিটি ওয়ার্কার্স ফোরাম ইউকের সভাপতি গোলাম কবির রুমেল, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন বেলাল এবং কোষাধ্যক্ষ ওহিদ চৌধুরী।
দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা এই দাবি অব্যাহত রাখার আহ্বান জানান। তাঁদের মতে, ঈদের ছুটি বাস্তবায়নে মালিকপক্ষকে আরও ইতিবাচক ভূমিকা নিতে হবে। বিশেষ করে হসপিটালিটি সেক্টরের লক্ষাধিক শ্রমিকের জন্য ঈদের ছুটি এখন শুধু আবেগের বিষয় নয়, এটি ন্যায্য অধিকারেও পরিণত হয়েছে।
এদিকে, ঈদের ছুটির দাবিকে আরও জোরালো করতে ১১ই মে সোমবার বিকেল ৬টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্ক-এ একটি সমাবেশের ঘোষণা দিয়েছেন আয়োজকরা। এতে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।