কুমিল্লায় ‘স্বপ্নজোড়া সবুজায়ন প্রতিযোগিতা–২০২৬’: সবুজ নগরী গড়ার আহ্বান

কুমিল্লায় সামাজিক সংগঠন স্বপ্নজোড়ার উদ্যোগে ‘স্বপ্নজোড়া সবুজায়ন প্রতিযোগিতা–২০২৬’ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সবুজায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি কুমিল্লাকে আরও সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

বৃহস্পতিবার (৬ই আগস্ট) কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিতর্ক পরিষদের সভাপতি এবং দৈনিক কুমিল্লার জমিন-এর সম্পাদক শাহজাদা এমরান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আসাদুজ্জামান রনি।

অনুষ্ঠারের শুরুতে স্বাগত বক্তব্য দেন স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের সভাপতি শাহরিয়ার ইসলাম সাইফ। পরে সংগঠনের কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন হিমেল।

প্রধান অতিথির বক্তব্যে কাজী এনামুল হক ফারুক বলেন, শিক্ষার্থীরা জ্ঞানচর্চার মাধ্যমে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে। একই সঙ্গে স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে অংশগ্রহণ তাদের সমাজ ও দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করে। তিনি কুমিল্লা নগরীকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি শাহজাদা এমরান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে স্বপ্নজোড়ার মতো সামাজিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁর মতে, মানবিক ও আদর্শ সমাজ গঠনে এ ধরনের সংগঠনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন বলেন, ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হয়ে ওঠাই জীবনের সবচেয়ে বড় অর্জন। তিনি বলেন, সামাজিক সংগঠনগুলো তরুণদের মানবিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।

আলোচনা সভা শেষে ‘স্বপ্নজোড়া সবুজায়ন প্রতিযোগিতা–২০২৬’-এর বিজয়ীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র এবং বৃক্ষের চারা বিতরণ করা হয়। প্রতিযোগিতায় রানার্সআপ হন অপি, চ্যাম্পিয়ন হন মাহমুদা রহমান মুক্তা এবং ‘চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন’ নির্বাচিত হন নাহিদা সুলতানা জেরিন।

এ ছাড়া সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে সনদ গ্রহণ করেন ফয়সাল মাহমুদ মজুমদার সামির, শ্রী প্রবণ কান্তি দাস, ইমরান হোসেন হিমেল, তাহসান আহম্মেদ লবি এবং আসাদুজ্জামান রনি।

অনুষ্ঠানে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হন সাদমান সাবাব ও অপি। সমাপনী পর্বে অতিথিরা পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং সবুজায়ন আন্দোলনে তরুণদের আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *