হাতীবান্ধায় প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

“তোর মিটার তুই নে, আগের মিটার ফিরিয়ে দে”—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা। প্রিপেইড মিটার বাতিল এবং ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে মঙ্গলবার (৪ঠা আগস্ট) বিকেলে উপজেলার মেডিকেল মোড় গোলচত্বর এলাকায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ক্ষুব্ধ গ্রাহক ও সাধারণ মানুষ।

‘হাতীবান্ধা সচেতন নাগরিক ঐক্য পরিষদ’-এর ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শত শত গ্রাহক অংশ নেন। মানববন্ধন শেষে এলাকাটিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে আন্দোলনকারীরা হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে বিদ্যুৎ পরিস্থিতি পর্যালোচনা ও প্রিপেইড মিটার বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

সমাবেশে হাতীবান্ধা সচেতন নাগরিক ঐক্য পরিষদের সমন্বয়ক শামসুল আলম বুলেট, ফারুক হোসেন, ফিরোজ হোসেন, নজরুল, কমরেড সৈকত ও সবুজ সরকার বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রিপেইড মিটার চালু করার পর থেকে সাধারণ বিদ্যুৎ গ্রাহকেরা নানামুখী হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে অসহনীয় লোডশেডিং, যা সাধারণ মানুষের জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। দ্রুত প্রিপেইড মিটার বাতিল করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

কর্মসূচিস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের যুক্তিসঙ্গত দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার এবং হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল জামান।

কর্মসূচির একপর্যায়ে বিক্ষোভকারীরা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিয়ে  আশ্বস্ত করলে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

 

সানোয়ার রাকিবুল হাসান
কালিগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *