বাংলাদেশে দায়িত্ব শুরু করলেন নতুন ইউএনডিপি আবাসিক প্রতিনিধি

বাংলাদেশে নবনিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করেছেন।

বৃহস্পতিবার (৬ই আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন রড্রিগেজকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশ ও ইউএনডিপির দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে সংস্থাটির সহযোগিতা উল্লেখযোগ্য।

তিনি বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এ প্রেক্ষাপটে উত্তরণ-পরবর্তী সময়ের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ইউএনডিপি এবং জাতিসংঘ ব্যবস্থার অব্যাহত সহযোগিতা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, এলডিসি থেকে উত্তরণের পুরো প্রক্রিয়ায় ইউএনডিপি বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাবে।

জবাবে স্টিফেন রড্রিগেজ উষ্ণ অভ্যর্থনার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের সরকারের সঙ্গে ইউএনডিপির সহযোগিতা আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দেশের নেতৃত্বের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় ইউএনডিপি ভবিষ্যতেও বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করে যাবে বলে আশ্বাস দেন।

সাক্ষাৎকালে স্টিফেন রড্রিগেজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান। তিনি এ অর্জনকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা এবং গঠনমূলক ভূমিকার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।

বৈঠকে বাংলাদেশ ও ইউএনডিপির বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ, টেকসই উন্নয়ন এবং ভবিষ্যতের উন্নয়ন অগ্রাধিকার নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *