পিরোজপুরের বেহাল সড়ক দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর


পিরোজপুর জেলার সড়কগুলোর বেহাল অবস্থা দ্রুত ঠিক করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মানুষের ভোগান্তি কমাতে জরুরি ভিত্তিতে এসব সড়ক সংস্কার করতে হবে।

মঙ্গলবার (৫ই মে ) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর আওতায় পিরোজপুর জেলায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি, সমস্যা এবং করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা সচল রাখা সরকারের অগ্রাধিকার। দীর্ঘদিন ধরে অবহেলিত ও ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামতের আওতায় আনতে হবে। বিশেষ করে পিরোজপুরের সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর তিনি জোর দেন।

কর্মকর্তারা বৈঠকে বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা তুলে ধরেন। তারা জানান, অতীতে এসব প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। কয়েকটি প্রকল্পে তৎকালীন দায়িত্বশীল ব্যক্তি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির সংশ্লিষ্টতার বিষয়ও আলোচনায় আসে।

এ সময় প্রধানমন্ত্রী উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, ভবিষ্যতে যেন কোনো প্রকল্পে অনিয়ম না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল এবং স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *