বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। সফরকালে তিনি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন এবং উপাচার্য শামস রহমান-এর সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক সুবিধা ঘুরে দেখেন।
বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শিক্ষা খাতে চীন-বাংলাদেশ সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষা বিনিময় ও সহযোগিতা শুধু জ্ঞান আদান-প্রদান নয়, বরং এটি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ককে আরও গভীর করেছে। এই সহযোগিতা দুই দেশের উন্নয়নকে ত্বরান্বিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও জানান, ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস ভবিষ্যতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী। এর মাধ্যমে দুই দেশের শিক্ষা খাতে সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে চীনের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করে। তারা বিশেষভাবে “চাইনিজ মডার্নাইজেশন” বা চীনা আধুনিকায়নের অভিজ্ঞতা থেকে শেখার আগ্রহ প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ বছর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি। এই উপলক্ষে তারা চীনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও জোরদার করতে চায়। তাদের মতে, এতে দুই দেশের তরুণ প্রজন্ম সরাসরি উপকৃত হবে এবং চীন-বাংলাদেশ বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে।